গোপাল সিং, খোয়াই, ০৬ অক্টোবর || জাতীয় স্তরে ফের ত্রিপুরা রাজ্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ‘প্রধানমন্ত্রী আবাসন যোজনা–আরবান’-এর সফল রূপায়ণে ১ লক্ষের কম জনসংখ্যার শহরগুলির ক্যাটাগরিতে সমগ্র দেশের মধ্যে সেরা নগর সংস্থার তকমা ছিনিয়ে নিয়েছে কৈলাসহর পুর পরিষদ। পাশাপাশি, একই ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের খোয়াই পুর পরিষদ। সোমবার (৫ই অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় স্তরের এই সম্মাননা তুলে দেওয়া হয়।
কৈলাসহর পুর পরিষদের পক্ষে এই জাতীয় পুরস্কার গ্রহণ করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান এবং মহকুমা শাসক। ১ লক্ষের কম জনসংখ্যার পুরসভাগুলির মধ্যে মঞ্জুরিকৃত বেনিফিশিয়ারি লেড কনস্ট্রাকশন ঘরগুলির সর্বাধিক সমাপ্তি সুনিশ্চিত করার জন্যই কৈলাসহরকে প্রথম স্থানে ভূষিত করা হয়। অন্যদিকে, অনুমোদিত বিএলসি আবাসনের কাজ অত্যন্ত দ্রুততার সাথে গুণগত মান বজায় রেখে সফলভাবে সম্পন্ন করার কৃতিত্ব হিসেবে খোয়াই পুর পরিষদ সর্বভারতীয় স্তরে দ্বিতীয় সেরা পুর পরিষদের সম্মান অর্জন করেছে। খোয়াইয়ের এই ঐতিহাসিক জয়ে মহকুমা জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। রাজ্যের এই জোড়া জাতীয় প্রাপ্তিকে পুর এলাকার গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য নিরাপদ ও সুরক্ষিত মাথার ওপর ছাদ সুনিশ্চিত করার এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের আধিকারিকদের মতে, নির্বাচিত প্রতিনিধি, পুর কর্তৃপক্ষ, প্রশাসনিক আধিকারিক ও কর্মীবৃন্দ এবং বিশেষ করে সুবিধাপ্রাপ্ত নাগরিকদের নিরলস সমন্বয় ও সহযোগিতার ফলেই এই সর্বভারতীয় সাফল্য এসেছে। সাফল্য অর্জনের পর খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ, পুরকর্মী এবং সমস্ত উপভোক্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।
