গোপাল সিং, খোয়াই, ০৭ অক্টোবর || সরকারি কর্মসূচিতে লোক সমাগমের উদ্দেশ্যে প্রশাসন অধিকাংশ যাত্রীবাহী গাড়ি তুলে নেওয়ায় চরম পরিকাঠামোগত সংকটে পড়েছে খোয়াই শহরের পরিবহন ব্যবস্থা। খোয়াই রাধানগর অস্থায়ী বাস ও গাড়ি স্ট্যান্ডে দেখা গেছে এই চিত্র। শিশু, প্রবীণ ও আশঙ্কাজনক রোগীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন নিত্যদিনের যাত্রীরা। জনগণ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজী নন। কিন্তু অফ-ক্যামেরা অনেকেই ক্ষোভ ব্যক্ত করেছেন। গণপরিবহন পুরোপুরি স্তব্ধ থাকার সুযোগে মেতে উঠেছে প্রাইভেট গাড়ি চালকেরা। তারা নির্ধারিত ভাড়ার পরিবর্তে ২০০ থেকে ৩০০ টাকা এবং যাত্রীবাহী ছোটো গাড়ী ১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ক্ষুব্ধ জনগণের। তৎসঙ্গে যাত্রীদের সাথে একাংশ প্রাইভেট গাড়ী চালকদের দূর্ব্যবহার নিয়েও ক্ষোভ ব্যক্ত করছেন জনসাধারন। কোনো প্রকার বিকল্প পরিবহন ব্যবস্থা না রেখে প্রশাসনিকভাবে সব গাড়ি তুলে নেওয়ায় সাধারণ আমজনতার ওপর অনাবশ্যক আর্থিক চাপ তৈরি হয়েছে। আমলাতান্ত্রিক এই সিদ্ধান্তের ফলে জনগণের চরম অসন্তোষের মুখে পড়তে হচ্ছে সরকারকে, অথচ প্রশাসনের ভূমিকা এখনো পুরোপুরি নীরব দর্শক।সাধারণ যাত্রীদের অভিযোগ, আমলাতান্ত্রিক অব্যবস্থা ও সমন্বয়হীনতার কারণেই সাধারণ মানুষকে চরম হয়রানি ও অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হতে হচ্ছে।
