আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ০৭ অক্টোবর || সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে পুলিশের টহল অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। মঙ্গলবার বাতাডোলা, ইউএনসি নগর ও ফকিরাদোলা সীমান্ত সড়কের বিভিন্ন অংশে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায় মোট ৭৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল অভিযানের সময় সন্দেহজনকভাবে পড়ে থাকা গাঁজার প্যাকেটগুলি নজরে আসে। পরে সেগুলি উদ্ধার করে ওজন করা হলে মোট পরিমাণ দাঁড়ায় ৭৩ কেজি। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পরবর্তীতে সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা সেখানে কারা রেখে গিয়েছিল এবং এর সঙ্গে কোনো মাদক পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
