শারদোৎসবে সামিল মুখ্যমন্ত্রী, নিজ বিধানসভা কেন্দ্রে নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবের পবিত্র লগ্নে জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বার্তা দিতে নিজ বিধানসভা কেন্দ্রের নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগরতলা পুর নিগমের ৪০ ও ৩৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮-টাউন বরদোয়ালী মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা কেবল কোনও একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দ ও সম্প্রীতির উৎসব। সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই রাজ্য সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার যে লক্ষ্য রাজ্য সরকার নিয়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শারদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের বিশেষ নজর রয়েছে বলেও জানান তিনি।
দুর্গোৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাই এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে উঠে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*