আগরতলায় AITUC-অনুমোদিত চটকল শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || আগরতলা টাউন হলে রবিবার সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) অনুমোদিত ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন (TCSU)-এর ১১তম রাজ্য সম্মেলন এবং জুটমিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির ৩য় অধিবেশন যৌথভাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪০০-রও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষত্তম রায় বর্মণ। এদিনের অনুষ্ঠানে AITUC জাতীয় পরিষদের সাধারণ সম্পাদিকা অমরজিৎ কাউরের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান AITUC নেতা ধনমনী সিনহা।
সম্মেলনে জুটমিল কর্মী ও পেনশনার্সদের একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল—ন্যায্য পাওনা ও বকেয়া এরিয়ার দ্রুত নিষ্পত্তি, জুটমিল কোয়ার্টার থেকে কর্মীদের উচ্ছেদের নোটিস প্রত্যাহার, এবং কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন চারটি শ্রম কোড বাতিলের দাবি।
এছাড়াও, আগামী ৪ এপ্রিল ত্রিপুরা জুটমিলের মাননীয় এমডির সঙ্গে সাক্ষাৎ করে ‘পুনরায় আকর্ষণ পত্র’ প্রদান দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলনে ৪৫ জনের নতুন কেন্দ্রীয় কাউন্সিল এবং ১৫ জনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়। নতুন কাউন্সিলের সভাপতি হিসেবে তরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিসেবে ধনমনী সিনহা এবং কোষাধ্যক্ষ হিসেবে সুশীল সরকার নির্বাচিত হন।
সম্মেলন ঘিরে শ্রমিক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*