আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || রাজ্যের নারী সুরক্ষা ও সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আগরতলায় উদ্বোধন করা হলো “সখী – ওয়ান স্টপ সেন্টার”। পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে মহিলা কমিশন অফিস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কেন্দ্রের শুভ সূচনা করেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী টিংকু রায় বলেন, এই কেন্দ্রের মাধ্যমে নারীরা এক ছাদের নিচে আইনি সহায়তা, মানসিক পরামর্শ, চিকিৎসা পরিষেবা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাবেন। তিনি আরও উল্লেখ করেন, রাজ্য সরকার নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“সখী – ওয়ান স্টপ সেন্টার” নারীদের জন্য একটি সমন্বিত সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে, যেখানে বিপদগ্রস্ত বা সহিংসতার শিকার নারীরা দ্রুত ও কার্যকর সহায়তা পাবেন। এই উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
