সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এরই মাঝে ২৪ রাইমাভ্যালী কেন্দ্র থেকে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি)-র মনোনীত প্রার্থী চরণবাসী ত্রিপুরা বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা শাসক দপ্তরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এলাকা উৎসবের রূপ নেয়। ঢাক-ঢোল, নাচ-গান এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গন্ডাছড়া শহর। উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থী চরণবাসী ত্রিপুরা মনোনয়নপত্র দাখিল করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ডুম্বুরনগর আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তাঁদের উপস্থিতি পুরো কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী চরণবাসী ত্রিপুরা বলেন, “দলীয় কর্মীদের ঐক্য ও অকুণ্ঠ সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। রাইমাভ্যালী কেন্দ্রের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি।
উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে গন্ডাছড়া মহকুমা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আইপিএফটি প্রার্থীর এই বর্ণাঢ্য মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
