সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ মার্চ || আসন্ন ১১ নম্বর মহারানীপুর স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই খামারবাড়ি জেবি স্কুল মাঠ প্রাঙ্গণে তিপ্রা মথার উদ্যোগে এক নির্বাচনি সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ২৩ অম্পিনগর কেন্দ্রের তিপ্রা মথার বিধায়ক পাঠান লাল জমাতিয়া, মুঙ্গিয়াকামি ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেব্বর্মা, কল্যাণপুর ব্লক প্রেসিডেন্ট গৌরব দেব্বর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। আসন্ন নির্বাচনে তিপ্রা মথাকে শক্তিশালী করতে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় ১১ মহারানীপুর কেন্দ্রের তিপ্রা মথা মনোনীত প্রার্থী উৎপল দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে ল্যান্ড রাইটসহ জমি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি বলেন, “যে অধিকার ও সুবিধা সিপিএম, বিজেপি বা কংগ্রেস দিতে পারেনি, তিপ্রা মথা সেই সমস্ত সুযোগ-সুবিধা পাহাড়ি মানুষের হাতে পৌঁছে দেবে।”
তিনি আরও দাবি করেন, স্বশাসিত এলাকার মানুষের অধিকার রক্ষায় তিপ্রা মথাই একমাত্র দল, যারা বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে।
সভায় দলের প্রতি কর্মী-সমর্থকদের উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। আসন্ন এডিসি নির্বাচনে এই কেন্দ্রে তিপ্রা মথা কতটা প্রভাব বিস্তার করতে পারে, সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
