গোপাল সিং, খোয়াই, ২৮ মার্চ || আসন্ন টিটিএএডিসি (ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল) নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। নির্বাচন-পূর্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৬ মার্চ বাইজালবাড়ি থানাধীন বিভিন্ন নির্বাচনী এলাকায় বিশেষ পুলিশ পেট্রোলিং সংগঠিত করা হয়।
এই পেট্রোলিংয়ের নেতৃত্ব দেন খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদিত্য দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিস জোসেফ, বাইজালবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগল ত্রিপুরা এবং বিভিন্ন পুলিশ সেক্টরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে সংবেদনশীল এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের পেট্রোলিং জোরদার করা হয়েছে। পেট্রোলিং চলাকালীন বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিরাপত্তা সংক্রান্ত বার্তাও পৌঁছে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আগামী দিনগুলোতেও এই ধরনের পেট্রোলিং অব্যাহত থাকবে।
