গন্ডাছড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এসপিও জওয়ানের মৃত্যু; গুরুতর আহত আরও এক

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩১ মার্চ || গন্ডাছড়া মহকুমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক এসপিও জওয়ান। মঙ্গলবার গন্ডাছড়া বাজার থেকে নারায়ণপুরগামী সড়কের শীতলা গাছের মোড়ে ঘটে এই দুর্ঘটনা, যেখানে গন্ডাছড়া মহকুমা থানার ভাড়া করা একটি মিনি বাস ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত এসপিও জওয়ানের নাম অজেন্দ্র ত্রিপুরা। তিনি পুলিশ কোর্টে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় বাইকে থাকা আরও একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, শীতলা গাছের মোড়ে বিপরীত দিক থেকে আসা বাইকটিকে জোরে ধাক্কা মারে থানার ভাড়া করা মিনি বাসটি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাইক চালক অজেন্দ্র ত্রিপুরা মারাত্মকভাবে আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*