গোপাল সিং, খোয়াই, ৩১ মার্চ || দারিদ্র্য আর ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ধলাই জেলার থালছড়ার এক জনজাতি যুবক। ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারে গহীন অরণ্যে ‘গন্ধকী’ (এক ধরণের বনজ সম্পদ) সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে রোপেন জয় ত্রিপুরা (৪২) নামে এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, থালছড়া বিদ্যাকুমার রোয়াজা পাড়ার বাসিন্দা রোপেন জয় ত্রিপুরা তীব্র অভাবের তাড়নায় মঙ্গলবার বাংলাদেশের মায়ানী রিজার্ভ ফরেস্ট এলাকায় গন্ধকী সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় হঠাৎ করেই তার তীব্র পেটে ব্যথা শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় সীমান্ত এলাকাতেই ভোর আনুমানিক ৫টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃতের বাবার নাম পণ্ডি কুমার ত্রিপুরা। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে রোপেন জয়ের পরিবার এখন দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কর্মসংস্থানের অভাব এবং চরম খাদ্য সংকটের কারণেই জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তের ওপারে দুর্গম পাহাড়ে যেতে বাধ্য হচ্ছেন জনজাতি যুবকরা। অনাহার আর দারিদ্র্যের এই করুণ পরিণতি দেখে গোটা থালছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভাবের তাড়নায় অকালে ঝরে যাওয়া এই প্রাণ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাহাড়ের প্রান্তিক জনপদগুলোর দুরবস্থার চিত্র।
