বিজেপির শক্তি প্রদর্শন: ৯-হালহালি-আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে বিশাল বাজার সভা ও নির্বাচনী রণকৌশল বৈঠক

গোপাল সিং, খোয়াই, ০৪ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি (TTAADC) নির্বাচন ২০২৬-এর উত্তাপ ছড়িয়ে পড়েছে খোয়াই জেলার ৯-হালাহালি-আশারামবাড়ী কেন্দ্রে। শনিবার এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে বাচাইবাড়ি বাজারে এক বিশাল নির্বাচনী বাজার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আশারামবাড়ী মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা।
বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের ইনচার্জ তথা বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি বীর মোহন দেববর্মা, বিজেপি নেতৃত্ব ও প্রার্থীর এজেন্ট রাজেশ দেববর্মা, রিমা দেববর্মা, তাপস দেববর্মা সহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক কর্মসূচির খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, জনজাতি এলাকার প্রকৃত উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিজেপির কোনো বিকল্প নেই। এলাকার সার্বিক বিকাশের ধারা অব্যাহত রাখতে তিনি আসন্ন নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে অনন্ত দেববর্মাকে জয়ী করার জোরালো আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন বীর মোহন দেববর্মা ও রাজেশ দেববর্মাও। তাঁরা আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্য পূরণে বুথ স্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বাজার সভা শেষে স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন পরিচালনা এবং প্রতিটি বুথে ভোটারদের কাছে পৌঁছানোর সুনির্দিষ্ট পরিকল্পনা ও রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*