টিটিএএডিসি নির্বাচন ২০২৬: খোয়াইয়ে সেক্টর অফিসারদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, স্পর্শকাতর বুথে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

গোপাল সিং, খোয়াই, ০৩ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি (TTAADC) সাধারণ নির্বাচন ২০২৬-কে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সকালে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিযুক্ত পুলিশ ও সিভিল সেক্টর অফিসারদের নিয়ে আয়োজিত এই সভায় নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, জেলা পুলিশ সুপার রণাদিত্য দাস, খোয়াইয়ের মহকুমা শাসক নির্মল কুমার ঝা এবং মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) ডি. কুদিয়ারাসু সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।
এদিনের আলোচনায় মূলত রামচন্দ্রঘাট এবং ৯-হালাহালি-আশারামবাড়ী—এই দুটি এডিসি নির্বাচনক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই দুই কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। ভোটাররা যাতে কোনো ভয়-ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য ওই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে টিএসআর (TSR) এবং ত্রিপুরা পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলাশাসক ও পুলিশ সুপার মহোদয় জানান যে, নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রোডমার্চ ও ফ্ল্যাগমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। মূলত জনমনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খোয়াইয়ের প্রায় সমস্ত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ঘিরে এক ইতিবাচক ও নিরাপদ পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*