আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || রাজধানীর লেক চৌমুনি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নেশা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল বাজার কমিটি। কমিটির উদ্যোগে পরিচালিত এই অভিযানে ছয় জন ড্রাগ কারবারিকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চলার অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতেই বাজার কমিটি উদ্যোগ নিয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাজার কমিটির কনভেনার শ্যামল সাহা জানান, বহু বছর ধরে এই এলাকায় কিছু অসাধু ব্যক্তি ড্রাগ কারবার চালিয়ে আসছিল। এলাকার পরিবেশ সুস্থ রাখতে এবং যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসবে এবং মাদক বিরোধী লড়াই আরও জোরদার হবে।
