বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ এপ্রিল || চৈত্র সংক্রান্তির উৎসবের মাঝে বড়সড় দুর্ঘটনার ঘটনা ঘটল শান্তির বাজারের মহামুনি রোড পাড়া এলাকায়। চড়ক গাছ ভেঙে পড়ে আহত হলেন একাধিক ব্যক্তি, যার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৈত্র সংক্রান্তি উপলক্ষে এলাকায় চড়ক পূজার আয়োজন করা হয়েছিল। প্রতিবছরের মতো এবছরও চড়ক গাছ ঘোরানোর সময় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবের আনন্দের মধ্যেই হঠাৎ ঘটে বিপত্তি। চড়ক গাছটি ঘুরতে ঘুরতে আচমকাই ভেঙে পড়ে যায়, ফলে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন রাজু সেন (৪০) এবং শ্যামল মজুমদার (৫৫)। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় চড়ক পূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
