গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর খোয়াই জেলায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অভিযোগ, রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মার রতনপুরস্থিত বাসভবনে দুষ্কৃতীদের হামলা চালানো হয়। একইভাবে আমপুরা এলাকায় বিজেপির বুথ সভাপতি দ্বীপায়ন দেববর্মার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। হামলায় তার বৃদ্ধ পিতা-মাতাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিণাকী দাস চৌধুরী, বিজেপি নেতা বিপিন দেববর্মা সহ খোয়াই জেলার দলীয় নেতৃত্বরা। আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার আশ্বাস দেন তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন। তিনি ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি, আক্রান্ত কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, হামলার আশঙ্কায় খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিজেপি নেতা ও কর্মী নিজেদের নিরাপত্তার জন্য জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
