গোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনে ২৮টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে তিপ্রামথা পার্টি। দলের এই অভাবনীয় সাফল্যের পর যখন সর্বত্র উৎসবের মেজাজ, ঠিক তখনই দলের অন্যতম শীর্ষ নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সরাসরি আক্রমণ শানালেন স্বদলেরই বিধায়ক তথা বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বিরুদ্ধে।
দলের সুপ্রিমো প্রদ্যুৎ মাণিক্য দেববর্মার পর এই জয়ে যাঁর পরিশ্রম ও ভূমিকা অনস্বীকার্য বলে মনে করা হচ্ছে, সেই রঞ্জিত দেববর্মা আজ সামাজিক মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি মন্ত্রী অনিমেষ দেববর্মাকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত করে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।
রঞ্জিত দেববর্মা তাঁর পোস্টে সরাসরি প্রশ্ন তুলে লিখেছেন: “এখন যদি আপনি জনজাতি সমাজ বা বুবাগ্রা-র সাথে বিশ্বাসঘাতকতা (গদ্দারী) করেন, তবে আপনার পরিণতি কী হবে? উপ-মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন আপনি দেখেন—তার কী হলো? আপনার কথা ও ধারণা অনুযায়ী, বিজেপির ঠিক কী দশা হয়েছে? মানহানির দায়ে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন না কেন? জনজাতি জনগণই আপনাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বিচার করবে! আপনার এই বিশ্বাসঘাতকতা সমগ্র জনজাতি জনগণের সাথেই করা হয়েছে।”
উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই দলের বিভিন্ন সভায় প্রদ্যুৎ মাণিক্য কিংবা রঞ্জিত দেববর্মা নাম না করে কিছু নেতা ও বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে আসছিলেন। সংবাদমাধ্যমেও অনিমেষ দেববর্মার বিরুদ্ধে দলের নীতির বাইরে গিয়ে কাজ করার কিছু প্রমাণ ও খবর প্রকাশিত হয়েছিল। রঞ্জিত দেববর্মার আজকের পোস্ট সেই জল্পনাকেই নিশ্চিত করল। বিশেষ করে যখন অনিমেষ দেববর্মা সম্প্রতি রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, তখন পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রঞ্জিত বাবু কেন তাঁকে আরও মামলা করার সাহস দেখাচ্ছেন না, তা নিয়ে সরব হলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রঞ্জিত দেববর্মার এই আক্রমণ কেবল ব্যক্তিগত নয়, বরং দলের এক বিশাল অংশের জনজাতি কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।
