আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || রাজ্যের বিদ্যালয়গুলিতে পরিবেশবান্ধব শিক্ষার প্রসার এবং কিচেন গার্ডেনকে আরও সমৃদ্ধ করার দাবিতে সোমবার দুপুরে বুনিয়াদী শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা শ্রীমতি হর্ষিতা বিশ্বাসের নিকট দুই দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটি। চার সদস্যের প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করে।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের বিদ্যালয়গুলিতে “সবুজ ক্লাস” চালু করা অত্যন্ত জরুরি, যাতে ছাত্রছাত্রীরা শৈশব থেকেই প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হতে পারে এবং পরিবেশ সচেতন হয়ে ওঠে। পাশাপাশি বিদ্যালয়গুলির সৌন্দর্যায়ন ও মিড ডে মিল প্রকল্পকে আরও কার্যকর করতে কিচেন গার্ডেনগুলিকে সমৃদ্ধ করার উপরও গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও প্রতিনিধি দল দাবি জানায়, বুনিয়াদী শিক্ষা দফতরের উদ্যোগে যেসব বিদ্যালয়ে উন্নতমানের কিচেন গার্ডেন গড়ে উঠেছে, সেগুলির ভিডিও ফুটেজ সংগ্রহ করে রাজ্য তথ্য দফতরের সহায়তায় প্রতিটি জেলার এলইডি স্ক্রিনে প্রচার করা হোক। এর ফলে যেসব বিদ্যালয়ে ইতিমধ্যে কিচেন গার্ডেন রয়েছে তারা যেমন আরও উৎসাহিত হবে, তেমনি যেসব বিদ্যালয়ে এখনো কিচেন গার্ডেন গড়ে ওঠেনি তারাও উদ্বুদ্ধ হবে বলে মত প্রকাশ করা হয়।
ডেপুটেশন গ্রহণ করে যুগ্ম অধিকর্তা শ্রীমতি হর্ষিতা বিশ্বাস দাবিদুটির যৌক্তিকতা স্বীকার করেন। তিনি জানান, শিক্ষা দফতরের অধিকর্তা রাজীব দত্তের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে রাজ্যের বিদ্যালয় ও মাদ্রাসাগুলির কিচেন গার্ডেন কর্মসূচির পরামর্শদাতা হিসেবে শিক্ষক মনোজ রায় দায়িত্ব পালন করে আসছেন। তার প্রচেষ্টায় বর্তমানে রাজ্যের ৩৭৫১টি বিদ্যালয়ে ছোট-বড় কিচেন গার্ডেন গড়ে উঠেছে। যদিও এখনও প্রায় ১৭০০টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরি হয়নি বলে জানা গেছে।
ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য পরীক্ষিৎ দে, যুগ্ম কনভেনার আব্দুল হক এবং সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য্য।
এক সাক্ষাৎকারে মনোজ রায় বলেন, বিদ্যালয়গুলির সৌন্দর্যায়ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং মিড ডে মিল প্রকল্পকে আরও ফলপ্রসূ করতে এই দাবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বুনিয়াদী শিক্ষা দফতরের কাছে দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।
প্রসঙ্গত, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা গত পাঁচ বছর ধরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় সবজির বীজ ও চারা বিতরণ করে আসছে। পাশাপাশি যেসব ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা কিচেন গার্ডেন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের সংস্থার পক্ষ থেকে শংসাপত্র প্রদান করে সম্মানিত করা হচ্ছে।
