হাসপাতালে অনুপস্থিত, চেম্বারে রোগী দেখার অভিযোগ— শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসককে ঘিরে ক্ষোভ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মে || হাসপাতালে দায়িত্বে থাকা অবস্থায় রোগী না দেখে প্রাইভেট চেম্বারে সময় কাটানোর অভিযোগ উঠেছে শান্তির বাজার জেলা হাসপাতালের এক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।
সোমবার সকাল থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত বহু মানুষ চিকিৎসা নিতে শান্তির বাজার জেলা হাসপাতালে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার পরও হাসপাতালে সংশ্লিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে না পেয়ে হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন রোগীরা।
অভিযোগ, হাসপাতালের দায়িত্ব পালন না করে নিয়মিতভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন ওই চিকিৎসক। রোগী ও স্থানীয়দের একাংশের দাবি, দিনের অধিকাংশ সময় তিনি প্রাইভেট চেম্বারে কাটান এবং হাসপাতালে আসা রোগীদেরও চেম্বারে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ফলে আর্থিকভাবে দুর্বল বহু মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রোগীর আত্মীয়দের বক্তব্য, সরকারি হাসপাতালে চিকিৎসক না পেয়ে অনেককেই প্রায় ৩০০ টাকা ভিজিট দিয়ে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে হয়েছে। বিষয়টি নিয়ে আগে থেকেও একাধিক অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।
এদিন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞকে অনুপস্থিত পাওয়ার পর ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য দপ্তরের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারি হাসপাতালে সঠিক সময়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
তবে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*