বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মে || মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার মানোন্নয়ন ও জাতীয় স্তরের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে সোমবার স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। দুই দিনব্যাপী চলা এই মূল্যায়ন প্রক্রিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন পরিষেবা, অবকাঠামো ও রোগীসেবার মান খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডা. রাকেশ চৌঁধুরীর উদ্যোগে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নের কাজ চলছে। চিকিৎসা পরিষেবার উন্নয়ন, রোগীদের সঠিক চিকিৎসা প্রদান এবং হাসপাতালের পরিবেশ উন্নত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় মানের স্বীকৃতি (ন্যাশানাল কোয়ালিটি সার্টিফিকেশন) পাওয়ার জন্য আবেদন করা হয়।
আবেদনের ভিত্তিতে সোমবার কেন্দ্রীয় স্তরের দুই প্রতিনিধি— সমীরন শর্মা ও বিজয় চন্দ্র ঝা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে মূল্যায়ন কার্যক্রম শুরু করেন। এই মূল্যায়নের আওতায় হাসপাতালের পরিষেবা ব্যবস্থা, রোগী পরিচর্যা, স্বাস্থ্য পরিকাঠামো, নথিপত্র সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
কেন্দ্রীয় প্রতিনিধিদলের এই সফরকে ঘিরে মুহুরীপুর এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের আশা, মেডিকেল ইনচার্জ ডা. রাকেশ চৌঁধুরীর নেতৃত্বে ভবিষ্যতে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হবে এবং জাতীয় স্তরে স্বীকৃতি অর্জন করবে।
