তপোবন আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ সচেতনতায় মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলা সংলগ্ন শেখেরকোট গোকুলনগরস্থিত তপোবন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির শুভ সূচনা করেন স্বামী স্বচিদানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিক্যাল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রাটার্নিটির সম্পাদক ডা. সোমা চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য-সদস্যারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়।
উদ্যোক্তারা জানান, বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তাকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
কর্মসূচির শেষে সংগঠনের সম্পাদক ডা. সোমা চৌধুরী অনুষ্ঠানের সফল আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সামাজিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
বিশ্ব পরিবেশ দিবসের এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক ইতিবাচক বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*