গোপল সিং, খোয়াই, ১০ জুন || অপরাধ দমনে নিখুঁত তদন্ত ও আইনি লড়াইয়ে পেশাদারিত্বের অনন্য নজির গড়ে রাজ্য স্তরে মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী। মাদক পাচার (NDPS Act) সহ বিভিন্ন জঘন্যতম অপরাধের তদন্তপ্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা সুনিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ আজ তাঁদের হাতে তুলে দেওয়া হলো ‘ডিরেক্টর জেনারেল অব পুলিশ কমেন্ডেশন সার্টিফিকেট’। আজ, ১০ই জুন ২০২৬ ইং তারিখে রাজধানী আগরতলার সেন্ট্রাল পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক বিশেষ গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ঠাকুর এই কৃতী অফিসারদের বিশেষ সম্মানে ভূষিত করেন।
খোয়াই জেলা পুলিশের এই চার কৃতী পদকপ্রাপকরা হলেন, ইন্সপেক্টর আশীষ সরকার, ভারপ্রাপ্ত আধিকারিক (OC), কল্যাণপুর থানা, সাব-ইন্সপেক্টর রঞ্জিত সরকার, ভারপ্রাপ্ত আধিকারিক (OC), সুভাষ পার্ক পুলিশ আউটপোস্ট, সাব-ইন্সপেক্টর বিভাষ চন্দ্র নাথ, সিটিএসআই (CTSI), খোয়াই পুলিশ কোর্ট এবং কনস্টেবল (C/12619) অলক দাস, খোয়াই পুলিশ কোর্ট।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে খোয়াই জেলা জুড়ে মাদক সিন্ডিকেট ও জঘন্য অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই আধিকারিকরা অত্যন্ত সময়োপযোগী ও আধুনিক বৈজ্ঞানিক তদন্তশৈলীর পরিচয় দিয়েছেন। বিশেষ করে সাব-ইন্সপেক্টর রঞ্জিত সরকারের পেশ করা অকাট্য চার্জশিট এবং খোয়াই পুলিশ কোর্টের আধিকারিকদের নিখুঁত আইনি ব্যবস্থাপনার জেরেই সম্প্রতি লালছড়ার কুখ্যাত মাদক কারবারী দীপঙ্কর দাসের মতো অপরাধীদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও বড় অঙ্কের আর্থিক জরিমানা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। তদন্তের গভীরতা বজায় রেখে অপরাধীদের আইনের জালে শক্ত করে বাঁধা এবং আদালতে অপরাধ প্রমাণ করার এই যৌথ দক্ষতাকে রাজ্য স্তরে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। এই গৌরবময় সাফল্যে খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে পদকপ্রাপ্ত সমগ্র টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে, রাজ্য পুলিশ প্রধানের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি খোয়াই জেলার সমগ্র পুলিশ বাহিনীর কর্মস্পৃহা ও মনোবলকে বহুগুণ বাড়িয়ে দেবে, যা আগামীদিনে অপরাধমুক্ত ও ড্রাগস-মুক্ত জেলা গঠনে আরও নির্ণায়ক ভূমিকা পালন করবে।
