গোপল সিং, খোয়াই, ০৯ জুন || খোয়াই শহরের ঐতিহ্যবাহী বাগান স্কুল মাঠে আজ অত্যন্ত উদ্দীপনা ও উৎসবমুখর আবহের মধ্য দিয়ে সমাপ্ত হলো ‘ভগবান বিরসা মুন্ডা স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। মহকুমার ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিকে কেন্দ্র করে আজ মাঠ জুড়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজকের এই মেগা ফাইনালে উপস্থিত থেকে খেলোয়াড়দের আন্তরিক উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ।
ফাইনাল ম্যাচে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কমলপুর মহাবীর চা বাগান একাদশ বনাম খোয়াই চা বাগান একাদশ। দুই শক্তিশালী দলের টানটান উত্তেজনার এই ম্যাচে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো পক্ষই কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানেও দুই দলের সমানে-সমানে লড়াই চলতে থাকায় অবশেষে ‘সাডেন-ডেথ’ এর মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। চূড়ান্ত রোমাঞ্চকর সাডেন-ডেথে খোয়াই চা বাগান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা ও ট্রফি নিজেদের কব্জায় করে নেয় কমলপুর মহাবীর চা বাগান একাদশ। অন্যদিকে, রানার্স-আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় খোয়াইকে।
এর আগে, টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, সমীর দাস, সুব্রত মজুমদার, অনিমেষ নাগ ও তাপস কান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধক ও অতিথিরা তাঁদের বক্তব্যে যুবসমাজকে নেশা ও মাদকের অন্ধকার জগত থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে এই ধরনের ফুটবল প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। দুই ঐতিহ্যবাহী দলের এই অনবদ্য ফুটবল শৈলী দীর্ঘদিন খোয়াইয়ের ক্রীড়ামোদীদের মনে গেঁথে থাকবে।
