মহকুমা শাসকের উপস্থিতিতে পহরমুড়া ব্রিজে বিপর্যয় মোকাবিলা ও এয়ার রেইড মক ড্রিল অনুষ্ঠিত

গোপল সিং, খোয়াই, ০৯ জুন || বিপর্যয় মোকাবিলা ও আপদকালীন পরিস্থিতিতে জরুরি সাড়াদানের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াইয়ে এক বৃহৎ মক ড্রিল বা মহড়া প্রদর্শন কর্মসূচি সম্পন্ন হলো। আজ খোয়াই মহকুমার পহরমুড়া ব্রিজে খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ভলেন্টিয়ার ও সিভিল ডিফেন্স কর্মীদের নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচির পর আয়োজিত এক প্রেসমিটে এই বিশেষ মহড়ার উদ্দেশ্য ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন খোদ মহকুমা শাসক নির্মল কুমার ঝা।
মূলত যুদ্ধকালীন পরিস্থিতি বা যেকোনো আকস্মিক বিমান হামলা (Air Raid) এবং ব্ল্যাকআউট (Blackout)-এর মতো জরুরি অবস্থায় নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং উদ্ধারকাজের গতি বাড়াতে এই সিভিল ডিফেন্স মহড়ার আয়োজন করা হয়েছিল। পহরমুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রশিক্ষিত ভলেন্টিয়াররা কৃত্রিম পরিস্থিতি তৈরি করে উদ্ধারকাজের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
মহকুমা প্রশাসন ও সাইবার সেলের পক্ষ থেকে এই মহড়া চলাকালীন সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা ও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে:
ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এটি শুধুমাত্র জরুরি প্রস্তুতি এবং আপদকালীন সাড়াদান ব্যবস্থা পরীক্ষা করার জন্য পরিচালিত একটি ‘সিভিল ডিফেন্স এয়ার রেইড এবং ব্ল্যাকআউট মক এক্সারসাইজ’ (Mock Exercise)। সমস্ত নাগরিককে শান্ত থাকতে, সরকারি নির্দেশনাবলী অনুসরণ করতে, কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে এবং এই মহড়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
মহড়া শেষে মহকুমা শাসক নির্মল কুমার ঝা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যেকোনো বড় ধরনের বিপর্যয় বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করাই প্রশাসনের মূল লক্ষ্য। আজকের এই সফল মহড়া ভলেন্টিয়ারদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সরকারি ও প্রশাসনিক স্তরে সমন্বয় সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*