গোপল সিং, খোয়াই, ১১ জুন || খোয়াই শহরের সুভাষপার্ক বাজারে গত ৮ই জুন রাতে হওয়া দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সফল কিনারা করল প্রশাসন। খোয়াই জেলা পুলিশের তৎপরতায় এবং সুভাষ পার্ক পুলিশ আউটপোস্টের ঝটিকা অভিযানে ইতিমিধ্যেই এক সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে চুরির যাওয়া নগদ টাকাসহ খোয়া যাওয়া মুদি সামগ্রীর এক বড় অংশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ই জুন ২০২৬ ইং তারিখ গভীর রাতে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সুভাষপার্ক বাজারের একটি প্রতিষ্ঠিত মুদি দোকানে হানা দেয়। চোরের দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ আনুমানিক ৩৫ হাজার টাকার বিভিন্ন মূল্যবান সামগ্রী ও মালামাল চুরি করে চম্পট দিয়েছিল।
ব্যস্ততম বাজারে এই চুরির ঘটনার খবর পাওয়া মাত্রই অত্যন্ত গুরুত্বের সাথে আসরে নামেন সুভাষপার্ক পুলিশ আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত সরকার। ঘটনার পরদিনই তিনি নিজস্ব নেটওয়ার্ক ও গোপন সূত্র মারফত এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেন। ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পুলিশি নজরদারি এবং দ্রুত ফিল্ড অ্যাকশনের ওপর ভিত্তি করে এক সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে চুরির যাওয়া মালামালের একটি বড় অংশ এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এই চুরির ঘটনার প্রেক্ষিতে খোয়াই থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩০৩(২) এবং ৩০৫ ধারার অধীন 2026-KHW-025 নম্বরে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃত চুরির ঘটনার সাথে সরাসরি যুক্ত কিনা এবং এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশের তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।
