নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১২ জুন || দক্ষিণ ত্রিপুরার ৩৯-মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে যান বিধায়ক মাইলাফ্রু মগ। তাঁর সঙ্গে ছিলেন ৩৯ মনু মণ্ডলের সভাপতি বিপুল ভৌমিক, সাতচাঁদ সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সৌরদীপ দেবনাথ এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শনকালে বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা পঞ্চায়েত এলাকার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি রাস্তা, পানীয় জল, জনপরিষেবা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন। এলাকার বিভিন্ন স্থানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা, চাহিদা ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব শোনেন।
বিধায়ক মাইলাফ্রু মগ বলেন, “জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দেন।
এদিনের পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। এলাকাবাসীর আশা, জনপ্রতিনিধি ও প্রশাসনের এই সক্রিয় উদ্যোগের ফলে কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
স্থানীয় মহলের মতে, মাঠপর্যায়ে গিয়ে প্রকল্প পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও জনমুখী করে তুলবে।
