নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১২ জুন || ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (TRLM)-এর ১০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সাতচাঁদ কমিউনিটি হলে এক বর্ণাঢ্য সমন্বয় কর্মসূচির আয়োজন করা হয়। সাতচাঁদ ব্লকের অধীনে কালাপানিয়া মমতাময়ী ভিও-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খোকন দে, নির্মল দাস, রবীন্দ্র সেন এবং মমতাময়ী ভিও-এর সভাপতি বিনা মজুমদার। এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোগের প্রসার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, গত এক দশকে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন রাজ্যের গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও সমন্বয়মূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত সদস্য ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে বক্তারা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের গত ১০ বছরের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্রামীণ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আরও বৃহত্তর ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।
