আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || আগরতলার নন্দননগর বাজার এলাকায় গুরু পূর্ণিমা উপলক্ষে তৃতীয় বর্ষের শ্রী শ্রী রাম ঠাকুর উৎসব ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন উৎসব কমিটির সম্পাদক অভিজিৎ ঠাকুরতা।
তিনি জানান, গত তিন বছর ধরে নন্দননগর এলাকাবাসীর উদ্যোগে এই ধর্মীয় উৎসবের আয়োজন হয়ে আসছে। এবছরও গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে বুধবার নন্দননগর বাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি বাবুলাল দেবনাথ, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ শীলসহ কমিটির অন্যান্য সদস্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মপ্রাণ মানুষকে এই উৎসবে অংশগ্রহণ করে শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদ লাভের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
