সাব্রুম কলেজে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৯ জুলাই || বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) ইউনিটের উদ্যোগে স্মার্ট ক্লাসরুমে আয়োজিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. অনুপম গুহ, ড. মহুয়া চৌধুরীসহ কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, এনএসএস স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।
আলোচনা সভায় বক্তারা জানান, প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বন, নদী, মাটি ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অত্যন্ত জরুরি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কলেজের অধ্যক্ষ ড. অনুপম গুহ তাঁর বক্তব্যে বলেন, বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে বৃক্ষরোপণ ও গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও জল ও বিদ্যুতের অপচয় রোধ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে উপস্থিত সকলের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*