আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং রাজ্যের সরকারি স্কুল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এআইডিএসও-র উদ্যোগে আগরতলার প্যারাডাইস চৌমুহনী সংলগ্ন সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভে সামিল হন। বক্তারা অভিযোগ করেন, নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির ফলে মেধাবী ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে। একইসঙ্গে রাজ্যের সরকারি স্কুলগুলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, শিক্ষাকে বাণিজ্যিকীকরণের পরিবর্তে সরকারি শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করতে হবে। পাশাপাশি নিট পরীক্ষায় অনিয়মের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
এআইডিএসও নেতৃবৃন্দ জানান, শিক্ষার অধিকার ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী দিনেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
