আপডেট প্রতিনিধি আগরতলা, ১৮ জুন || জনস্বার্থ সম্পর্কিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘আমরা বাঙালি’ দলের পক্ষ থেকে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। দলের এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।
ডেপুটেশনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান বেকারত্ব, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধপত্র, ভোজ্যতেল, ডাল, চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। পাশাপাশি রাজ্যজুড়ে নারী নির্যাতন, ড্রাগ ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
প্রতিনিধি দলের অভিযোগ, গত ১০ জুন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের হোস্টেলে মনীষা দাস নামে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু এবং ১২ জুন উদয়পুর মহকুমার আঠারভোলা-দারকাথাং এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক নারীঘটিত অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ডেপুটেশনের মাধ্যমে ‘আমরা বাঙালি’ দলের পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলি হল—
১) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
২) নারীঘটিত অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং দ্রুত বিচারের স্বার্থে প্রয়োজনীয় আইনি সংশোধন করা।
৩) রাজ্যে সমস্ত নেশা ও ড্রাগজাতীয় দ্রব্যের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধ করা।
৪) কালোবাজারি দমন এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধপত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৫) ব্লকভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যের শতভাগ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
৬) আগরতলা পুরনিগমের বর্ধিত এলাকায় খালি জমির ওপর আরোপিত উচ্চ হারের কর প্রত্যাহার করা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, রাজ্যের বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং জনস্বার্থে উত্থাপিত দাবিগুলির বাস্তবায়নে উদ্যোগী হবে।
