আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || অংশগ্রহণমূলক পরিকল্পনা, স্বচ্ছ প্রশাসন এবং টেকসই গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (ডিপিডিপি) সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের মতামতকে পরিকল্পনা প্রণয়নে অন্তর্ভুক্ত করা এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ জেলা পরিষদের অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বক্তারা বলেন, অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে জনগণের চাহিদা ও সমস্যার ভিত্তিতে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা সম্ভব হবে, যা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
