আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || রাজ্যের জিআই-ট্যাগযুক্ত বিশ্ববিখ্যাত ‘কুইন’ আনারসের প্রচার এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত নয়াদিল্লিতে তিন দিনব্যাপী ‘ত্রিপুরা গ্লোবাল আনারস উৎসব ২০২৬’ (Tripura Global Pineapple Festival 2026)-এর আয়োজন করা হচ্ছে।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার ‘কুইন’ আনারসকে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা এবং রাজ্যের কৃষি ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করা। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরার আনারসের সুনাম আরও বিস্তৃত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবকে সফল করে তুলতে বৃহস্পতিবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, অনিমেষ দেববর্মা, রাজ্যের মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের সচিব এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
বৈঠকে উৎসবের সার্বিক প্রস্তুতি, আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ, বিপণন কৌশল এবং ত্রিপুরার ‘কুইন’ আনারসের রপ্তানি সম্ভাবনা আরও প্রসারিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই উৎসব ত্রিপুরার কৃষিপণ্যকে বৈশ্বিক বাজারে নতুন পরিচিতি এনে দেওয়ার পাশাপাশি রাজ্যের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ সহায়ক হবে।
