ডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রণকৌশল, গন্ডাছড়ায় IPFT-র একদিনের কনফারেন্স

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ জুন || সদ্য সমাপ্ত ত্রিপুরা উপজাতীয় স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর এবার আসন্ন ADC ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করতে তৎপর হয়ে উঠেছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (IPFT)। সেই লক্ষ্যেই বুধবার গন্ডাছড়া মহকুমার রাইমা সাইমা কলাক্ষেত্রে IPFT গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ একদিনের কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IPFT গন্ডাছড়া মহকুমা কমিটির সভাপতি চরণবাসি ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুম্বুর নগর আরডি ব্লকের BAC চেয়ারম্যান প্রেমসাধন ত্রিপুরা, রইস্যাবাড়ি আরডি ব্লকের BAC চেয়ারম্যান প্রদীপ কুমার জমাতিয়া, গঙ্গানগর আরডি ব্লকের BAC চেয়ারম্যানসহ IPFT-এর যুব ও মহিলা সংগঠনের সভাপতিরা এবং দলের অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ADC নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায় সংগঠনের পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই প্রেক্ষাপটে আসন্ন ADC ভিলেজ কমিটি নির্বাচনকে দলের জন্য ঘুরে দাঁড়ানোর অন্যতম সুযোগ হিসেবে দেখছে IPFT নেতৃত্ব।
কনফারেন্সে মহকুমার বিভিন্ন স্তরের শাখা সংগঠনকে আরও সক্রিয়, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক কৌশল নিয়ে আলোচনা হয়। বক্তারা তৃণমূল স্তর পর্যন্ত দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন ADC ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এই কনফারেন্স IPFT-এর সাংগঠনিক পুনরুজ্জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*