আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || মানসিক স্বাস্থ্য, কিশোর স্বাস্থ্য, মাদকাসক্তি প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। বুধবার শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং তরুণ প্রজন্মের সার্বিক বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা, শিক্ষা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং LGBTQIA+ সম্প্রদায়ের প্রতিনিধিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। পাশাপাশি, সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়।
দুই দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামাজিক সমস্যাগুলির মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
