আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || আসন্ন ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বুধবার আগরতলার NSRCC যোগা হলে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। মন্ত্রী সুধাংশু দাসের অধীনস্থ তিন দপ্তর—মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই যোগ শিবির অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিব, অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকরা। তাঁদের সঙ্গে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাসও।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে না, এটি মানসিক প্রশান্তি, একাগ্রতা এবং ইতিবাচক জীবনযাপনের পথও সুগম করে। বর্তমান ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন কিছু সময় যোগচর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে উপস্থিত সকলকে নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ, সচেতন ও রোগমুক্ত জীবন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
