শান্তিরবাজার পৌর এলাকার উন্নয়নে বৃহৎ পরিকল্পনা, বিভিন্ন প্রকল্প পরিদর্শনে প্রশাসন ও পৌর প্রতিনিধিদল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || শান্তিরবাজার পৌর এলাকার সার্বিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করলেন প্রশাসন ও পৌর পরিষদের প্রতিনিধিদের একটি দল। এদিন শহরের চলমান ও প্রস্তাবিত একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকরা বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল শান্তিরবাজার মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ, নতুন মোটরস্ট্যান্ড প্রকল্প, পুরনো মোটরস্ট্যান্ড এলাকা, শহরের বিভিন্ন সড়ক, জল নিষ্কাশন ব্যবস্থা এবং বাজার এলাকায় নতুন স্টল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। শহরের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন চলাচল আরও সহজ ও সুশৃঙ্খল করা এবং ব্যবসায়ীদের জন্য আধুনিক ও উন্নত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমাশাসক তরুণ কান্তি সরকার, পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস, ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, ইঞ্জিনিয়ার অমল মজুমদারসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, শহরের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাজার এলাকার আধুনিকীকরণ, উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা, যানবাহন ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের আশা, পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে শান্তিরবাজার পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নাগরিক পরিষেবার মানও আরও উন্নত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*