ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে ত্রিপুরা ভবনে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতায় বার্তা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার

আপডেট প্রতিনিধি, কলকাতা, ০২ জুলাই || ভারতের প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবী, ভারতরত্ন এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। গত আট বছর ধরে সংস্থাটি নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছে। এবছরও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম পর্যায়ে কলকাতার সল্টলেকস্থিত ত্রিপুরা ভবন প্রাঙ্গণে বিভিন্ন ফল ও ফুলের গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভবনের যুগ্ম আবাসিক কমিশনার রামেশ্বর চক্রবর্তী, ইঞ্জিনিয়ার চুনচুন জমাতিয়া এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার ত্রিপুরা রাজ্য কনভেনার, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মনোজ রায়। এছাড়াও ত্রিপুরা ভবনের কর্মচারীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে মনোজ রায় নিজস্ব অর্থায়নে সল্টলেক ও প্রিটোরিয়া স্ট্রিটস্থিত ত্রিপুরা ভবন প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও ফুলের গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
পরে প্রিটোরিয়া স্ট্রিটস্থিত ত্রিপুরা ভবনেও একই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নিউজ নয়া ভারতের চিফ এডিটর স্বপন দাস, যুগ্ম আবাসিক কমিশনার রামেশ্বর চক্রবর্তী এবং ত্রিপুরা ভবনের অন্যান্য কর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোজ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “এক পেড় মা কে নাম” উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের উচিত জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিনকে স্মরণীয় করে তুলতে নিজেদের মায়ের নামে অন্তত একটি করে গাছ রোপণ করা।
তিনি আরও জানান, ত্রিপুরা সরকারের বুনিয়াদি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একসময় তাঁকে রাজ্যের সব স্কুল ও মাদ্রাসায় কিচেন গার্ডেন প্রকল্পের পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছিল। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরও তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন।
ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*