বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই || আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও সমন্বয় সভা। প্রতি বছরের মতো এবারও ইস্কনের উদ্যোগে এবং মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাসের তত্ত্বাবধানে জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠিত হবে।
দক্ষিণ ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা হিসেবে পরিচিত বাইখোড়ার এই উৎসব। সমগ্র ত্রিপুরায় মেলাঘরের পর বাইখোড়ার রথযাত্রাই দ্বিতীয় বৃহত্তম বলে পরিচিত। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
রথযাত্রা সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকারের আহ্বানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় রথযাত্রার নির্ধারিত রুট—বাইখোড়া জগন্নাথ জিউ মন্দির থেকে বাইখোড়া সবজি বাজার সংলগ্ন এলাকা পর্যন্ত—যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পানীয় জল, পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কোন দপ্তর কী দায়িত্ব পালন করবে, সে বিষয়েও দায়িত্ব বণ্টন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস, শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপী দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলেই সম্মিলিতভাবে এবারের রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
