বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই || শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের শিকার হন চিকিৎসাধীন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে থাকা শিশু, বৃদ্ধ ও প্রসূতি বিভাগের মায়েদের ব্যাপক কষ্টের মুখে পড়তে হয়।
অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলিতে পাখা বন্ধ হয়ে যায়। ফলে অসুস্থ রোগীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা পরিজনদেরও চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সময় কাটাতে হয়। অন্যদিকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কক্ষে সৌরশক্তির মাধ্যমে পাখা সচল থাকায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, একদিকে রোগীরা গরমে কষ্ট পাচ্ছেন, অন্যদিকে হাসপাতালের কর্মীরা তুলনামূলক স্বস্তিতে রয়েছেন।
এছাড়াও হাসপাতালে পানীয় জলের সংকটও রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি হাসপাতালের ইনচার্জ চিকিৎসক ডা. রুবি হালদারকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন ক্ষুব্ধ পরিজনরা।
দীর্ঘ সময় হাসপাতাল বিদ্যুৎহীন থাকায় সংবাদমাধ্যমের সামনেও ক্ষোভ উগরে দেন চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়। তাঁদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর অবিলম্বে হস্তক্ষেপ করুক।
এখন দেখার বিষয়, বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দুর্ভোগ লাঘবে এবং স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্য দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
