পশ্চিম ত্রিপুরার গ্রামীণ সড়ক পরিকাঠামোয় মেগা মোড়ক: ৫৬টি রাস্তার জন্য ৯৬.৭৩ কোটি টাকা মঞ্জুর, মোদী-শিবরাজ-মানিককে ধন্যবাদ জানালেন বিপ্লব

গোপল সিং, খোয়াই, ০৪ জুলাই || ত্রিপুরার গ্রামীণ সড়ক পরিকাঠামোর ভোল বদলে দিতে এবং প্রত্যন্ত জনবসতিগুলির সাথে শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে এক বড়সড় সাফল্য পেল রাজ্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা সংসদীয় এলাকার অন্তর্গত মোট ৫৬টি গ্রামীণ সড়ক প্রকল্পের জন্য ৯৬ কোটি ৭৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে ভারত সরকার। এই বিপুল পরিমাণ অর্থ মঞ্জুরি দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব।
সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের মাধ্যমে PMGSY-IV (Batch-I), ২০২৬–২৭ অর্থবর্ষের আওতায় মোট ৭৪.৫১ কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়ক পরিকাঠামোর সফল বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকার মোট ৫৬টি প্রত্যন্ত গ্রামীণ বসতি সরাসরি ‘সর্ব-ঋতু সড়ক যোগাযোগ’-এর আওতাভুক্ত হবে। এর ফলে বর্ষাকালে গ্রামীণ রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যাতায়াত স্তব্ধ হয়ে যাওয়ার যে দীর্ঘদিনের সমস্যা ছিল, তার স্থায়ী সমাধান ঘটবে।
সাংসদ বিপ্লব কুমার দেব আরও উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ও বিশেষ দৃষ্টির ফলেই ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে আজ ডবল ইঞ্জিন সরকারের বিকাশ ধারার এই সুফল মিলছে।” কেন্দ্রীয় সরকারের এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগের ফলে ত্রিপুরার গ্রামীণ স্তরে এক ব্যাপক পরিবর্তন আসবে। নতুন পাকা রাস্তাগুলির সুবাদে, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে, প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং অসুস্থ রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা বা হাসপাতালে পৌঁছানো সুনিশ্চিত হবে এবং গ্রামীণ কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই দ্রুত মূল বাজারে পরিবহন করা সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে আরও মজবুত করবে।
সাংসদ বিপ্লব কুমার দেব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ও মার্গদর্শনে ত্রিপুরার এই বহুমুখী উন্নয়নের ধারা অবিরাম গতিতে অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*