বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই || উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইকফাই ইউনিভার্সিটি, ত্রিপুরার উদ্যোগে শনিবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (TBSE) এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্না বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক এবং ইকফাই ইউনিভার্সিটি, ত্রিপুরার বেসিক সায়েন্স বিভাগের প্রিন্সিপাল প্রসেনজিৎ বল।
বক্তারা তাঁদের বক্তব্যে ইকফাই ইউনিভার্সিটির এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানানো শুধু তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়াই নয়, বরং আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরও আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা গ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের এই উদ্যোগকে উপস্থিত সকলেই সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
