গোপল সিং, খোয়াই, ০৫ জুলাই || অভিনব কায়দায় অটোর ভেতরে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে প্রায় ৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার খোয়াইতে। সংবাদমাধ্যমকে জানােন খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকার।
তিনি জানান, খোয়াই থানাধীন ধলাবিল-হাতকাটা রোডে আজ এসআই বিশ্বকুমার দেববর্মা এবং এসআই মদন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত বা রুটিন গাড়ি চেকিং চালাচ্ছিল। সেই সময় একটি সন্দেহভাজন অটোকে পুলিশ থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে চালক অত্যন্ত দ্রুত গতিতে অটো নিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশের দলটি কালবিলম্ব না করে ধাওয়া করলে কিছুদূর যাওয়ার পর অটোটিকে রাস্তার পাশে ফেলে রেখেই চালক চম্পট দেয়। তবে পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অটোর ভেতরে থাকা অপর এক সহকারী ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি মনু এলাকায়। তবে তদন্তের স্বার্থে এবং এই চক্রের মূল মাথাদের হদিস পেতে পুলিশ এখনই ধৃতের নাম বা বিস্তারিত পরিচয় খোলসা করতে রাজী হয়নি। পরবর্তীতে ঘটনাস্থলে খোয়াই থানার ওসি সহ অতিরিক্ত পুলিশবাহিনী এসে পৌঁছায়। অটোর ভেতর তন্নতন্ন করে তল্লাশী চালানোর সময় পেছনের আসনের নিচে একটি সুকৌশলে তৈরি গোপন চেম্বারের সন্ধান পান তদন্তকারীরা। সেই গোপন চেম্বার থেকে সর্বমোট ৪০ কেজি উন্নত মানের শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকারও বেশি।
পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত অটোটি এবং উদ্ধারকৃত সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
