গোপল সিং, খোয়াই, ০৭ জুলাই || প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেতা হারাধন তেলেঙ্গা। সোমবার রাত আনুমানিক ৩টা নাগাদ খোয়াই মহকুমার আশারামবাড়িস্থিত নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত নেতার স্মৃতিচারণ করতে গিয়ে খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস জানান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোদ্ধা। ত্রিপুরায় পঞ্চায়েতি রাজ এবং স্বশাসিত জেলা পরিষদ (ADC) গঠনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে হারাধন তেলেঙ্গার নাম। ১৯৭৮ সালে ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর, ১৯৭৯ সালে রাজ্যে প্রথম নির্বাচিত গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। সেই ঐতিহাসিক সময়ে তিনি প্রথম ‘আশারামবাড়ী গ্রাম পঞ্চায়েত’-এর প্রধান নির্বাচিত হন।১৯৮২ সালে ত্রিপুরার উপজাতি জনগণের অধিকার রক্ষায় গঠিত হয় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC)। তৎকালীন সময়ে এডিসি-র আশারামবাড়ি (সাধারণ) আসন থেকে ১৯৮২ এবং ১৯৮৫ সালের নির্বাচনে পরপর দু’বার সিপিআই(এম) প্রার্থী হিসেবে জয়ী হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। হারাধন তেলেঙ্গার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আশারামবাড়ি এলাকার দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়। বামপন্থী আন্দোলনের এই একনিষ্ঠ সৈনিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন খোয়াইয়ের বর্তমান সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস সহ স্থানীয় প্রথম সারির নেতৃবৃন্দ। বিধায়ক নির্মল বিশ্বাস এক শোকবার্তায় প্রয়াত হারাধন তেলেঙ্গার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
