গোপল সিং, খোয়াই, ১৬ জুলাই || চিকিৎসার জন্য আসামের গুয়াহাটি গিয়ে চিকিৎসাধীন অবস্থা থেকেই আচমকা নিখোঁজ হয়ে গেলেন খোয়াইয়ের এক ব্যবসায়ী। নিখোঁজ ব্যক্তির নাম মিলন গোপ। তাঁর বাড়ি খোয়াই থানাধীন ঘোষপাড়া এলাকায় এবং পেশায় তিনি একজন মাটির ব্যবসায়ী। বর্তমানে স্বামীর কোনো হদিশ না পেয়ে গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী। স্বামীর খোঁজে অবশেষে আজ খোয়াই থানার দ্বারস্থ হয়েছেন অসহায় স্ত্রী।
উনি মিডিয়াকে জানান, মিলন গোপ নিজের ভাগ্নির চিকিৎসার করানোর উদ্দেশ্যে আসামের গৌহাটিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে থাকাকালীন তিনি নিজেই আচমকা মাথা ঘুরে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগার ফলে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি হঠাৎ করে সেখান থেকে নিখোঁজ হয়ে যান। মিলন বাবুর স্ত্রীর আশঙ্কা, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকে তিনি সম্ভবত মানসিক ভারসাম্য বা নিজের স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নিখোঁজ মিলন বাবুর সাথে তাঁর নিজস্ব মোবাইল ফোনটিও নেই। গুয়াহাটি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে চারদিকে খোঁজখবর শুরু হয়। দীর্ঘ খোঁজাখুঁজির গৌহাটি এলাকায় তাঁর সন্ধান মেলে। কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তিনি নিজের নাম বাপর একপর্যায়ে বাড়ির সঠিক ঠিকানা পর্যন্ত বলতে পারছিলেন না। এমতাবস্থায় সেখানকার কিছু সহৃদয় ও স্বজ্জন ব্যক্তি তাঁকে ত্রিপুরাগামী একটি ট্রেনে চাপিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ট্রেনটি আসামের লামডিং স্টেশনে পৌঁছালে মিলন গোপ ট্রেন থেকে নেমে পড়েন। এরপর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বামীর কোনো হদিশ না পেয়ে আজ নিরুপায় স্ত্রী খোয়াই থানার পুলিশের দ্বারস্থ হয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ঘটনার বিবরণ শুনে দ্রুত তদন্ত শুরু করার এবং নিখোঁজ মিলন গোপের সন্ধান করার আশ্বাস দিয়েছে।
তবে পুলিশের পাশাপাশি সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমের সহযোগিতায় নিজের স্বামীকে দ্রুত ফিরে পেতে ব্যাকুল আকুতি জানিয়েছেন এই মহিলা। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা রেলযাত্রী এই ব্যক্তির সন্ধান পান, তবে অবিলম্বে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের মোবাইল নম্বর (স্ত্রী): 6033136113
