বোর্ড মিটিং থেকে লাগাতার বঞ্চিত করার অভিযোগ, কুমারঘাট পৌরসভার সিইও-র কাছে লিখিত জবাব চাইলেন রাজ্যপাল মনোনীত সদস্য রিন্টু লাল দেব

গোপল সিং, খোয়াই, ১৬ জুলাই || কুমারঘাট পৌরসভায় গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে এক গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। রাজ্যপাল কর্তৃক মনোনীত কুমারঘাট পৌরসভার সদস্য রিন্টু লাল দেবকে দীর্ঘদিন ধরে পৌরসভার কোনো বোর্ড মিটিংয়ে অংশ নিতে না দেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এবং প্রকৃত কারণ জানতে চেয়ে অবশেষে আজ, ১৩ই জুলাই ২০২৬ তারিখে কুমারঘাট পৌরসভার মুখ্য নির্বাহী আধিকারিক-এর নিকট একটি লিখিত চিঠি জমা দিয়েছেন তিনি।
পৌরবাসীর উদ্দেশে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে রিন্টু লাল দেব জানান, ২০২৩ সালের মার্চ মাসের পর থেকে আজ পর্যন্ত কুমারঘাট পৌরসভার কোনো বোর্ড মিটিংয়ের নোটিশ তাঁকে প্রদান করা হয়নি। শুধু তাই নয়, দীর্ঘ এই সময়কালের মধ্যে বোর্ড মিটিংয়ে পৌরসভার পক্ষ থেকে শহরবাসীর উন্নয়নে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার কোনো নথিপত্র বা কপিও তাঁকে দেওয়া হয়নি।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “একজন মনোনীত সদস্য হিসেবে পৌরসভার অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে অবগত থাকা, জনগণের স্বার্থে নিজের মতামত প্রদান করা এবং পৌরসভার বিভিন্ন কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরা আমার সাংবিধানিক ও প্রশাসনিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে আমাকে এই পুরো প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রাখা হয়েছে।”
পৌরসভার এই একতরফা ও রহস্যজনক আচরণের প্রকৃত সত্য উদঘাটন করতে আজ সিইও-র কাছে লিখিতভাবে দুটি সুনির্দিষ্ট বিষয়ে জানতে চেয়েছেন রিন্টু লাল দেব। তিনি চিঠিতে জানতে চেয়েছেন — রাজ্যপাল মহোদয় কি তাঁকে কুমারঘাট পৌরসভার মনোনীত সদস্যের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি বা বাদ দিয়েছেন? যদি বাদ না দেওয়া হয়ে থাকে, তবে অন্য কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কারণে তাঁকে বোর্ড মিটিংয়ে কুমারঘাট শহরবাসীর হয়ে কথা বলার গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বঞ্চিত রাখা হচ্ছে?
পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করেন এই মনোনীত সদস্য। কোনো ধরণের স্পষ্টীকরণ ছাড়া একজন মনোনীত জনপ্রতিনিধিকে এভাবে কোণঠাসা করে রাখার ঘটনায় উনকোটি জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী, বিধায়কদ্বয় সুদীপ রায় বর্মন ও বীরজিৎ সিনহা সহ ঊনকোটি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*