আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপারকে নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস (AIS) অ্যাসোসিয়েশন, ত্রিপুরা শাখা। এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন জানিয়েছে, একজন কর্মরত আইপিএস আধিকারিককে তাঁর সরকারি দায়িত্ব পালনকালে ‘ইডিয়ট’ বলে অভিহিত করা সম্পূর্ণ অনুচিত এবং একজন সাংবিধানিক পদাধিকারীর মর্যাদাহানিকর আচরণ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইন মেনেই নিজের সরকারি দায়িত্ব পালন করে চলেছেন। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনকারী সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে এবং পুলিশ প্রশাসন ও সিভিল সার্ভিসের কর্মকর্তাদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, জনপ্রতিনিধিদের সরকারি নীতি ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার পূর্ণ অধিকার থাকলেও সমালোচনা অবশ্যই শালীন ও সম্মানজনক হওয়া উচিত। কোনও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মর্যাদাহানিকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে।
প্রেস নোটে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন কর্মরত সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ভিত্তিহীন ও আপত্তিকর অভিযোগ তোলা হচ্ছে, যা প্রশাসনিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ সরকারি কর্মকর্তাদের মনোবল দুর্বল করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের মর্যাদাও ক্ষুণ্ন করছে বলে মত প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন।
AIS অ্যাসোসিয়েশন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্তভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও শালীনতা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আবেদনও জানানো হয়েছে।
