ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদল: ১২ পুলিশ আধিকারিকের তাৎক্ষণিক বদলি, দায়িত্বে নতুন ওসিরা

গোপল সিং, খোয়াই, ১৬ জুলাই || আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল করতে থানা স্তরে এক বড়সড় রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ, ১৫ই জুলাই ২০২৬ তারিখে ত্রিপুরা পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত এক সরকারি নির্দেশিকায় রাজ্যের ১২ জন পদস্থ পুলিশ আধিকারিককে অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই ১২ জনের মধ্যে ৭টি গুরুত্বপূর্ণ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রয়েছেন।
সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর সঞ্জিত সেনকে বদলি করে পশ্চিম আগরতলা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম আগরতলা থানার বর্তমান ওসি ইন্সপেক্টর রানা চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছে আমতলী থানার ওসি পদে। খোয়াই থানা থেকে ইন্সপেক্টর কৃষ্ণধন সরকারকে পূর্ব আগরতলা থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসকে বদলি করে এনসিসি থানার ওসি করা হয়েছে। বাইখোড়া থানা থেকে ইন্সপেক্টর বিষ্ণু চন্দ্র দাসকে শ্রীনগর থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে। পশ্চিম জেলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সুবিমল বর্মনকে বিলোনিয়া থানার ওসি করা হয়েছে। শ্রীনগর থানা থেকে ইন্সপেক্টর অরুণোদয় দাসকে বদলি করা হয়েছে বাইখোড়া থানায় এবং এনসিসি থানা থেকে ইন্সপেক্টর প্রজিত মালাকারকে খোয়াই থানার নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে.
এছাড়া পুলিশ সদর দপ্তরের এই নির্দেশিকায় চারজন মহিলা পুলিশ আধিকারিকের বদলির কথাও বিশেষভাবে উল্লেখ রয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে মহিলা ইন্সপেক্টর শিপ্রা বালা চন্দাকে টিপিসিবি-তে বদলি করা হয়েছে। পশ্চিম আগরতলা মহিলা থানা থেকে মহিলা ইন্সপেক্টর মুন্না মজুমদারকে দক্ষিণ ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। টিপিসিবি থেকে মহিলা সাব-ইন্সপেক্টর মৌসুমী দত্তকে বিশালগড় মহিলা থানায় বদলি করা হয়েছে এবং বিশালগড় মহিলা থানা থেকে মহিলা সাব-ইন্সপেক্টর রিপিতা ভট্টাচার্যকে পশ্চিম আগরতলা মহিলা থানায় বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট আধিকারিকেরা দ্রুত তাঁদের নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। মহকুমা ও থানা স্তরে এই রদবদল রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*