আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || ভক্তি, উৎসাহ ও ধর্মীয় আবহে বৃহস্পতিবার আগরতলার পূর্বাশা প্রাঙ্গনে ইসকন মন্দিরের উদ্যোগে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব এবং দেবী সুভদ্রার পবিত্র রথযাত্রা উৎসবের শুভ সূচনা হয়। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবক অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।
অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য অতিথিরা রথের রশিতে টান দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় ভক্তদের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উপস্থিত অতিথিরা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। ভগবান শ্রীজগন্নাথ দেবের আশীর্বাদে রাজ্যের প্রতিটি মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করুক—এই প্রার্থনাই সকলের।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত এবং বিপুল জনসমাগমের মধ্য দিয়ে এদিনের রথযাত্রা উৎসব এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
