রথযাত্রার পুণ্যলগ্নে ‘ওড়িয়া সমাজ ত্রিপুরা’-র জলছত্র সেবা, হাজারো ভক্তের তৃষ্ণা মেটাতে মানবিক উদ্যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || রথযাত্রার পবিত্র উৎসব উপলক্ষে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ‘ওড়িয়া সমাজ ত্রিপুরা’ (OST)। বৃহস্পতিবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘জলছত্র সেবা’ কর্মসূচিতে রথযাত্রা উপলক্ষে সমবেত হাজার হাজার ভক্ত, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করা হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আয়োজিত এই সমাজসেবামূলক কর্মসূচিতে ‘ওড়িয়া সমাজ ত্রিপুরা’-র কর্মকর্তা, প্রবীণ সদস্য, মহিলা সদস্য, যুব স্বেচ্ছাসেবকসহ সংগঠনের অসংখ্য সদস্য উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে এই উদ্যোগ মানুষের কাছে স্বস্তির বার্তা পৌঁছে দেয় এবং সংগঠনের মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।
আয়োজকদের বক্তব্য, “মানব সেবাই ঈশ্বর সেবা”—এই আদর্শকে সামনে রেখেই প্রতি বছর রথযাত্রার দিনে এই জলছত্র সেবা পরিচালিত হয়। ভবিষ্যতেও জনকল্যাণ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।
কর্মসূচিতে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষ ‘ওড়িয়া সমাজ ত্রিপুরা’-র এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এমন সেবামূলক আয়োজনের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শুধুমাত্র রথযাত্রার জলছত্র সেবাই নয়, ‘ওড়িয়া সমাজ ত্রিপুরা’ নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বস্ত্র প্রদান এবং বিভিন্ন চা-বাগান এলাকায় বসবাসকারী ওড়িয়া শিশুদের মাতৃভাষা শিক্ষা প্রসারে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
রথযাত্রার দিনে আয়োজিত এই জলছত্র সেবা কর্মসূচি আবারও প্রমাণ করল, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ‘ওড়িয়া সমাজ ত্রিপুরা’ তাদের অঙ্গীকার নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*